নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ – রাজধানীর কালা সংকুলে ১৫ই আগস্ট থেকে শুরু হলো তিনদিনব্যাপী “পর্চম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী”। সৃজনশীলতা, সংস্কৃতি ও শিল্প ভাবনার সমন্বয়ে আয়োজিত এই প্রদর্শনী চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী দিনে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান ও সম্মাননা পর্বে অংশগ্রহণকারী সকল শিল্পীকে প্রদান করা হয় গৌরবময় “অতুল্য ভারত কীর্তি সম্মান”। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব লক্ষ্মণ কুমার, কালার ক্যানভাসের প্রেসিডেন্ট বিজয়পাল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জিও)-এর কর্পোরেট কমিউনিকেশন প্রধান রোহিত দুবে সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। তাঁরা শিল্পীদের বৈচিত্র্যময় সৃজনশীলতা ও ভাবনাশীলতার উচ্চ প্রশংসা করেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০-এরও বেশি শিল্পী তাঁদের অনন্য শিল্পকর্ম প্রদর্শন করছেন এই মঞ্চে। এর মধ্যে রয়েছেন – জসপ্রীত মোহন সিং, কবিতা যাদব, বিকাশ নাগওয়ানশি, রজনি শর্মা, অলকা শর্মা, সুধা মিশ্র, অনুরাধা সাক্সেনা পৃথ্বী, প্রতিমা বটু, কে. বিজয় ভাস্কর, অনমোল জাদ, মেনেকা আনন্দ, হিরালাল জি. গোহিল, দীপান্বিতা মণ্ডল, রামকৃষ্ণ আগরওয়াল, নন্দিতা সিং, গীতাঞ্জলি শ্রীবাস্তব, ইন্দিরা প্রকাশ, সাক্ষী রাঘব, ললিত কুমার, প্রলয় দত্ত, প্রীতি সেন, বিনিতা ঠাকুর, অজয় কুমার, কাজী মোহিউদ্দিন আহমেদ, কাজী নাসির আহমেদ, শ্যামল টমি, অধ্যাপক চক্রধর হেওয়াসে, গণেশ শর্মা, দীপশিখা বিসোই ও রোহিত।
সমকালীন ও ঐতিহ্যবাহী শিল্পকলার মেলবন্ধনে গোটা প্রদর্শনীপ্রাঙ্গণ রূপ নিয়েছে এক জীবন্ত উৎসবে। রঙ, টেক্সচার ও কল্পনার অসাধারণ সমন্বয় দর্শকদের মুগ্ধ করছে।
প্রদর্শনীর আয়োজক ‘কালা সংকুল ফাউন্ডেশন’, যার প্রতিষ্ঠাতা রজনি শর্মা ও তাঁর নিবেদিতপ্রাণ দল। প্রথম দিন থেকেই শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায় প্রাণবন্ত হয়ে উঠেছে প্রদর্শনী প্রাঙ্গণ।
শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এই উৎসব সর্বজনীন সংলাপের মাধ্যমে গড়ে তুলেছে এক অনন্য শিল্পমঞ্চ।

