নিজস্ব সংবাদদাতা মৌ ঘোষ: সিএএস (CAS) ফটো একাডেমির উদ্যোগে এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফির অধীনস্থ ফটোগ্রাফি ক্লাবের ব্যবস্থাপনায় গ্যালারি গোল্ড আর্ট গ্যালারিতে ২৬শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৮ম আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত।
এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৬টি দেশের মোট ১৬৫ জন পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রীদের নির্বাচিত প্রিন্ট ও ডিজিটাল আলোকচিত্র স্থান পেয়েছে। এর পাশাপাশি ক্লাব সদস্যদের অংশগ্রহণে একটি বিশেষ কিউরেটেড প্রিন্ট প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে।প্রদর্শনীতে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, কুমোরটুলিতে দুর্গা প্রতিমা নির্মাণের শিল্পশৈলী এবং মুম্বইয়ের গণজীবনকে কেন্দ্র করে তিনটি বিশেষ ফটো সিরিজ উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সিএএস সম্মান পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের উল্লেখযোগ্য কাজও দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনী প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার সিদ্ধার্থ পাল ও সৌরভ দাস। তাঁরা ফটোগ্রাফি শো ও আলোচনা সভায় অংশ নিয়ে দর্শক ও শিক্ষানবিশ ফটোগ্রাফারদের সঙ্গে মতবিনিময় আলোচনার সুযোগ রেখেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্প, সংস্কৃতি ও ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই আন্তর্জাতিক প্রদর্শনী এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

