নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ : ১৮ জানুয়ারি নিউ টাউনে বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের উদ্যোগে শুভ উদ্বোধন হল একটি নতুন স্বেচ্ছাসেবী সংস্থা— ‘Moumaya Charitable Trust’। এই এনজিওটি সম্পূর্ণরূপে মৌমিতা সাহা হালদারের নিজস্ব উদ্যোগে গড়ে উঠেছে।
সমাজের পিছিয়ে পড়া শিশু, প্রবীণ ও মহিলাদের পাশে দাঁড়ানোই এই সংস্থার মূল লক্ষ্য। বিশেষ করে সেই সব ছোট ছোট শিশুদের জন্য এই এনজিও কাজ করবে, যাদের বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকেন এবং যাদের ঠিকভাবে সময় দিতে পারেন না। শিশুদের সৃজনশীল বিকাশে সহায়তার জন্য এখানে নাচ, আঁকা, ড্রয়িংসহ নানা শিল্পচর্চার সুযোগ করে দেওয়া হবে।
এছাড়াও মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করাও এই এনজিওর অন্যতম উদ্দেশ্য। মৌমিতা সাহা হালদার নিজের নাম এবং তাঁর মায়ের নামের সঙ্গে মিলিয়েই এই সংস্থার নামকরণ করেছেন—‘Moumaya Charitable Trust’।
উল্লেখযোগ্যভাবে, মৌমিতার পুত্র দেবোপমের জন্মদিন উপলক্ষে রবিবার, ১৮ জানুয়ারি, শিশুদের সঙ্গে কেক কাটার এবং বাচ্চাদের কে কিছু উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে এই এনজিওর শুভ উদ্বোধন করা হয়।
সবার ভালোবাসা ও আশীর্বাদে সমাজসেবার পথে ‘Moumaya Charitable Trust’-এর এই যাত্রা ভবিষ্যতে আরও সুন্দর ও সফল হবে—এমনটাই আশা সকলের এবং ভবিষ্যতে আরো মানুষের পাশে থেকে সহায়তা করার কথা বলেন।

