নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ বেলঘরিয়া :‘বন্দে মাতরম্’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে এক বছরব্যাপী সার্ধ-শতবর্ষ উদযাপনের সূচনা হয়েছে ৭ নভেম্বর, ২০২৫-এ। দিল্লিতে এই উদযাপনের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামের আবেগ ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে ‘বন্দে মাতরম্’-এর ঐতিহাসিক গুরুত্বকে স্মরণেই এই উদ্যোগ।
একই দিনে উত্তর দমদম মন্ডল ২-এর বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে নিমতা হাই স্কুলের সামনে একটি র্যালির আয়োজন করা হয়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। “বন্দে মাতরম্” ধ্বনি ও দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KNSD সভাপতি চন্ডিচরণ রায়, KNSD জেলা সাধারণ সম্পাদক বেবি দলুই ও নিতাই শীল, রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা শম্পা দাস সাহা সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ এবং বহু সাধারণ মানুষ। পুরো আয়োজনে নেতৃত্ব দেন উত্তর দমদম মন্ডল ২-এর সভানেত্রী পিঙ্কি পাল।
আয়োজকদের দাবি, আগামী এক বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বন্দে মাতরম্’-এর মাহাত্ম্য ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। একই সাথে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বোধ জাগিয়ে তুলতে এই উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের।

