আন্তর্জাতিক বডি আর্ট জগতে নিজেদের সৃজনশীল ছাপ রাখল ভারতীয় শিল্পীদের একটি দল। সম্প্রতি যুক্তরাজ্যের জিব্রাল্টার ফেস অ্যান্ড বডি পেইন্ট অ্যাসোসিয়েশন (Gibraltar Face & Body Paint Association) আয়োজিত মর্যাদাপূর্ণ Christmas Bodypainting Competition 2025-এ তাদের ব্যতিক্রমী কাজ আন্তর্জাতিক মহলে প্রবল সাড়া ফেলেছে। শিল্পের এই আন্তর্জাতিক স্বীকৃতিকে ভারতের কলাজগতের জন্য এক বিশাল অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল।
এই প্রতিযোগিতায় মানব-ক্যানভাস হিসেবে ছিলেন আন্তর্জাতিক স্তরে পরিচিত মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী, তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন বডি পেইন্টিং শিল্পী শৈলেশ চ্যাটার্জি এবং আর্ট ডিরেকশন ও ফটোগ্রাফির দায়িত্বে থাকা শিল্পী সুরথ চক্রবর্তী। এই ত্রয়ীর তৈরি অসাধারণ আর্টওয়ার্কটি বর্তমানে আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইট এবং একাধিক আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে শোভা পাচ্ছে।
বডি পেইন্টিং শিল্পী শৈলেশ চ্যাটার্জি তাঁর তুলিতে জটিল নকশা, রঙের নিঁখুত ব্যবহার এবং থিমের গভীর অর্থকে সুচারুভাবে ফুটিয়ে তোলেন। শৈলেশ তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, বিশ্বমানের এই কাজটির জন্য দীর্ঘ সময় ধরে গভীর মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে হয়েছিল। তিনি বিশেষভাবে মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরীর প্রশংসা করে বলেন, শর্মিষ্ঠার ধৈর্যশীল মানসিকতা, স্থিরতা এবং শিল্পের প্রতি তাঁর স্বাভাবিক সংবেদনশীলতাই এই প্রকল্পটিকে সাফল্য এনে দিয়েছে। শিল্প সমালোচকদের অভিমত, শৈলেশের এই সৃষ্টি ভারতীয় বডি আর্টকে এক নতুন মর্যাদার আসনে বসিয়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক শিল্পী সুরথ চক্রবর্তী সম্পূর্ণ শিল্পকর্মটির আর্ট ডিরেকশন, চিত্রগ্রহণ এবং চূড়ান্ত প্রদর্শনের কাজটি সুনিপুণভাবে পরিচালনা করেন। এই সম্মিলিত শিল্প-প্রয়াসটি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সফলভাবে বিশ্ব মঞ্চে নিজেদের স্থান করে নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে জিব্রাল্টারের সংস্কৃতি মন্ত্রকের স্বীকৃতিপ্রাপ্ত এই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের সুযোগ তৈরি করে। শিল্প-বিশেষজ্ঞরা মনে করছেন, শর্মিষ্ঠা রায় চৌধুরীর মতো ভারতীয় আর্ট মডেলের কাজ এই মঞ্চে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সৃজনশীল ভাবমূর্তি আরও মজবুত হলো। এই সম্মিলিত অর্জন আন্তর্জাতিক বডি আর্টের ইতিহাসে ভারতের জন্য এক নতুন ও অর্থবহ অধ্যায়ের সূচনা করেছে।।

