Monday, March 2, 2026
Homeকলকাতাকাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের ৩০তম বর্ষপূর্তি জাঁকজমকে উদযাপিত, উন্মোচিত পূর্ণাবয়ব রবীন্দ্রনাথের মূর্তি

কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের ৩০তম বর্ষপূর্তি জাঁকজমকে উদযাপিত, উন্মোচিত পূর্ণাবয়ব রবীন্দ্রনাথের মূর্তি

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, : ১৩ ফেব্রুয়ারি কলকাতার কাশীপুরে অবস্থিত কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়-এর ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠান এক বর্ণাঢ্য ও আবেগঘন পরিবেশে উদযাপিত হলো। বাংলার বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে দিনভর নানা কর্মসূচিতে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন। মূর্তিটি উন্মোচন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি. সি. সরকার জুনিয়র এবং বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্রচিন্তক প্রমিতা মল্লিক। একই সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্মশতবর্ষ উপলক্ষে “সুকান্তর আলোকে সমাজ” শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী চিত্ত সরকার।
মূল মঞ্চে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক কিন্নর রায়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তুষার কান্তি সামন্ত, প্রাক্তন প্রধান শিক্ষক অভিযান বন্দ্যোপাধ্যায়, ভাস্কর সুধীর মাইতি, শিশু চিন্তক ও সম্পাদক দেবাশীষ দেব শর্মা, শিক্ষাবিদ অরূপ মুখার্জি, প্রাক্তন সভাপতি শিবনাথ ব্যানার্জি ও সহ-সভাপতি নীতিশ মণ্ডল সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি বিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তিতে ভরপুর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ গাঙ্গুলী, যিনি বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতির দায়িত্বেও রয়েছেন। বিদ্যালয়ের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষাঙ্গনে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে মত উপস্থিত অতিথিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments