Monday, March 2, 2026
Homeখবরছোট্ট হাতে লাল গোলাপ, ডাক্তারদের প্রতি ভালোবাসার বার্তা: রোজ ডে উদযাপন Moumaya...

ছোট্ট হাতে লাল গোলাপ, ডাক্তারদের প্রতি ভালোবাসার বার্তা: রোজ ডে উদযাপন Moumaya Charitable Trust-এর উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি: শম্পা ঘোষ | হাওড়া | ৭ই ফেব্রুয়ারি
রোজ ডে উপলক্ষে এক মানবিক ও হৃদয়ছোঁয়া উদ্যোগের সাক্ষী থাকল অ্যাপোলো ক্লিনিক। নিউ টাউনের বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের স্বেচ্ছাসেবী সংস্থা ‘Moumaya Charitable Trust’-এর উদ্যোগে দুঃস্থ ও পিছিয়ে পড়া ছোট ছোট শিশুদের নিয়ে উদযাপিত হলো রোজ ডে।
এই বিশেষ দিনে শিশুরা ক্লিনিকের চিকিৎসকদের হাতে তুলে দেয় লাল গোলাপ, সঙ্গে জানায় সম্মান ও কৃতজ্ঞতা। শিশুদের এই নিষ্পাপ ভালোবাসায় আপ্লুত হন চিকিৎসকরাও।
সংস্থার কর্ণধার মৌমিতা সাহা হালদার বলেন, “ডাক্তাররাই আমাদের কাছে ঈশ্বর। রোজ ডে উপলক্ষে আমাদের চ্যারিটেবলের ছোট ছোট বাচ্চারা তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে পেরে ভীষণ খুশি।”
অত্যন্ত আন্তরিক ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে দুঃস্থ শিশুদের সঙ্গে নিয়ে সমাজের প্রতি এক ইতিবাচক বার্তা তুলে ধরেছে ‘Moumaya Charitable Trust’। সম্পূর্ণভাবে মৌমিতা সাহা হালদারের নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা এই এনজিওর মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া শিশু, মহিলা ও প্রবীণদের পাশে দাঁড়ানো।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষত সেই সব শিশুদের সার্বিক বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাদের বাবা-মা কর্মসূত্রে বাইরে থাকায় পর্যাপ্ত সময় দিতে পারেন না। ভবিষ্যতে শিশুদের সৃজনশীল বিকাশে নাচ, আঁকা, ড্রয়িংসহ বিভিন্ন শিল্পচর্চার সুযোগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এছাড়াও মহিলাদের স্বনির্ভর করে তুলতে কর্মসংস্থানের ব্যবস্থা করাও এই সংস্থার অন্যতম উদ্দেশ্য। উল্লেখযোগ্যভাবে, সংস্থার নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠাতা মৌমিতা সাহা হালদার ও তাঁর মায়ের নামের সংমিশ্রণে।
সব মিলিয়ে, শিশুদের মুখে হাসি ফোটাতে ও সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হলো ‘Moumaya Charitable Trust’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments