নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,বারাসাত, ৮ ফেব্রুয়ারি:বারাসাত পৌরসভার বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল “কে কে এডুকেশনাল সোসাইটি”-র পরিচালনায় এবং শোভা প্রকাশনীর সহযোগিতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘জানা-অজানার মেধা অন্বেষণ চিত্রকলায় রামধনু’ ও ‘বেঙ্গল ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর পরীক্ষায় ৮১ থেকে ১০০ নম্বর প্রাপ্ত মোট ৬৬৫ জন ছাত্রছাত্রীকে এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়।
উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে আয়োজিত এই অনুষ্ঠানে বসিরহাট, বারাসাত, বনগাঁ, নৈহাটি-সহ জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে কে এডুকেশনাল সোসাইটির কেন্দ্রীয় সম্পাদক তথা বেঙ্গল আনঅ্যাডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক দেবাশীষ দেব শর্মা।
পুরস্কার বিতরণের পাশাপাশি কেকে এডুকেশনাল সোসাইটির মঞ্চে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, আধিকারিক, অর্গানাইজার ও অফিশিয়ালদেরও সম্মানিত করা হয়। স্বাগত বক্তব্যে দেবাশীষ দেব শর্মা অভিভাবকদের উদ্দেশে বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে বইপ্রেমী করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই উদ্যোগের মাধ্যমে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির অর্গানাইজার সরস্বতী বুক স্টল, বসিরহাটের কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রাকিব, কে কে এডুকেশনের নির্বাহী আধিকারিক দ্বীপণ দেব শর্মা, বারাসাতের অর্গানাইজার অরুনাথ দাস, বনগাঁর অর্গানাইজারসহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অরুনাথ দাস, অয়ন দাস, বাপন প্রামাণিক, বিপ্লব সিংহ, রিমা সরকার ও বাপি দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিন তিনটি নৃত্য সংস্থার ছাত্রছাত্রীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশনা করে দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিলড্রেন এডুকেশন পাবলিশার্সের প্রকাশিকা সোমা দাস, নৈহাটির বিশিষ্ট শিক্ষাবিদ কানাইলাল আচার্য, প্রাক্তন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবপ্রসাদ চক্রবর্তী, শিক্ষক ও সম্পাদক জগদীশ মণ্ডল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি-সাহিত্যিক ও সঞ্চালক পুষ্পিতা চট্টোপাধ্যায়সহ বহু বিশিষ্ট ব্যক্তি এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা।

