নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ খড়দহ:শিক্ষা তখনই এগোয়, যখন শিক্ষক হাসিমুখে পড়াতে পারেন—এই দর্শনকে সামনে রেখে গত ১৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে JAEVM এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আগরপাড়া, সোদপুর, খড়দহ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিডজি, বাচপান এবং বেঙ্গল আইটি ভোকেশনাল ইনস্টিটিউশনের মাধ্যমে আধুনিক ও কারিগরি শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই সংস্থা।
সম্প্রতি ট্রাস্টের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বার্ষিকী অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। স্কুলের খুদে পড়ুয়াদের মনোমুগ্ধকর নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়াদের অভিভাবকদের ফ্যাশন শো—যেখানে মা–বাবাদের র্যাম্প ওয়াক উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় এবং অনুষ্ঠানে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য।
এদিন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও মেডেল, যাতে ভবিষ্যতের পড়াশোনা ও কর্মজীবনে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগানো হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে।
স্বর্গীয় জহরলাল সেনের স্মৃতিতে এবং অপর্ণা সেনের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই ট্রাস্টের মূল লক্ষ্য মফস্বল ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মজগতে প্রতিষ্ঠিত করা। গত ১৮ বছরে হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চশিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে JAEVM।
চেয়ারপারসন পিয়ালী কাঞ্জিলালের নেতৃত্বে অনুসূয়া ঘোষ, চৈতালী রায়, মৌলি গুহ, বর্ণালী মল্লিক-সহ অন্যান্য শিক্ষিকা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ খড়দহের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল নাম হয়ে উঠেছে JAEVM ও বেঙ্গল আইটি। শিক্ষা শহর খড়দহে বাচপান কল্যাণনগর শাখাকে কেন্দ্র করে আগামী দিনে এই প্রতিষ্ঠানের পথচলা আরও আশাব্যঞ্জক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

