নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ,কলকাতা: মেধা অন্বেষণ ও পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল ‘বেঙ্গল ট্যালেন্ট সার্চ’ পরীক্ষা। কে কে এডুকেশনাল সোসাইটির পরিচালনায় এবং শোভা প্রকাশনীর সহযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হয়।
কে কে এডুকেশনাল সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও শিশু চিন্তক দেবাশীষ দেব শর্মা জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের মোবাইল থেকে দূরে রেখে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মেধার বিকাশ ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। গত ১৫ বছর ধরে সারা রাজ্যজুড়ে এই পরীক্ষার আয়োজন করে আসছে সংস্থা।
তিনি জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে টাউন হল ও রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ৭১ থেকে ১০০ নম্বর প্রাপক পড়ুয়াদের স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও শিক্ষাবিদদের হাত দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হবে। পাশাপাশি অভিভাবকদের জন্য সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়।
অন্যদিকে, ৫১ থেকে ৭০ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে বলে জানানো হয়েছে।
কে কে এডুকেশনের ওয়েবসাইটে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

