নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ , নারকেলডাঙ্গা: বাড়ির মালিকানা দাবি করে দাপট দেখানো ও মহিলাদের মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নারকেলডাঙ্গা এলাকায়। নারকেলডাঙ্গা মেন রোডের ১৩৬ H/২২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দারা একাধিক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগ তুলেছেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিব শংকর দাস, পাপু দাস, দীপক দাস, শঙ্কু সিং, নাগিন দাস, শর্মিলা দাস, বিকাশ সিং, রাজু সেনসহ আরও কয়েকজন। বাসিন্দাদের দাবি, অভিযুক্তরা নিজেদের ফ্ল্যাটের মালিক বলে দাবি করে জোরপূর্বক ঘরে ঢুকে পড়ছে এবং নানাভাবে হেনস্থা করছে।
অভিযোগ, বাসিন্দাদের অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে ভাঙচুর চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি বাসিন্দাদের। শুধু তাই নয়, জলের পাইপ ভেঙে দেওয়া, মিটার বক্স খুলে নেওয়া-সহ নানানভাবে দৈনন্দিন সমস্যার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।
বাসিন্দাদের আরও অভিযোগ, মহিলাদের মারধর করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
পরিস্থিতির জেরে প্রায় ৪০টি পরিবারের সদস্যরা নারকেলডাঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

