
নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :এইচআইভি আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্কদের জরুরি চিকিৎসা পরিষেবার সুযোগ করে দিতে বেহালায় অরুণিমা হসপাইসে উদ্বোধন হলো ছয় শয্যার একটি নতুন ইউনিট। এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্টিক, যার নেতৃত্বে রয়েছেন ক্লাব প্রেসিডেন্ট শীর্ষেন্দু নিয়োগী।
এই ইউনিটটি বিশেষভাবে তৈরি হয়েছে জরুরি পরিস্থিতিতে থাকা এইচআইভি পজিটিভ শিশু এবং প্রাপ্তবয়স্কদের উন্নত চিকিৎসা ও পরিচর্যার সুযোগ করে দেওয়ার জন্য। এর ফলে উপকৃত হবেন বহু অসহায় ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মানুষ, যাঁদের জন্য শহরে এর আগে এমন নির্দিষ্ট সুবিধা ছিল না।৩০ জুন এই নতুন ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বে রোটারি ক্লাব অফ কলকাতা ম্যাজিস্টিক প্রেসিডেন্ট শীর্ষেন্দু নিয়োগী এবং তাঁর টিম ও সদস্যরা এদিন উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়, রোটারি ক্লাব অফ ম্যাজিস্টিক-এর প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায়, সুদীপ মুখার্জি ও রাজেন্দ্র খান্ডেলওয়াল সহ একাধিক বিশিষ্টজন।
পরমব্রত চট্টোপাধ্যায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “কলকাতার মতো শহরে এইচআইভি আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এমন একটি জরুরি ইউনিট গড়ে তোলা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ।” তিনি আরও বলেন, এটি সমাজে এই সমস্ত মানুষদের প্রতি সহানুভূতির প্রতীক।
রোটারি ক্লাব অফ ম্যাজিস্টিক-এর প্রাক্তন গভর্নর রজনী মুখোপাধ্যায় জানান, “এই নতুন ইউনিটের মাধ্যমে এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য নিরাপদ আশ্রয় ও উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। এটি তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই ছয় শয্যার ইউনিটটি শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং এক আশার আলো – যা সমাজের উপেক্ষিত এক অংশের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করছে আরও বহু মানুষকে।

