কলকাতা, ১২ আগস্ট: নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজিত হতে চলা দুর্গাপুজোর ২০২৬-এর সংস্করণে উইমেন এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হলেন মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী ও শিল্পী সুরথ চক্রবর্তী। মডেল বিভাগে শর্মিষ্ঠা এবং শিল্পী বিভাগে সুরথ এই দায়িত্বে যুক্ত হয়েছেন।
বুধবার কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল-এ আয়োজিত টাইমস স্কয়ার দুর্গাপুজো ২০২৬-এর বিশেষ প্রেস কনফারেন্সে তাঁদের আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ডঃ শংকর ঘোষ, বিশিষ্ট বাচিকশিল্পী প্রণতী ঠাকুর, অভিনেত্রী তথা টাইমস স্কয়ার দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা সেনগুপ্ত, আয়োজক শর্মিষ্ঠা ঘোষ এবং বেঙ্গলী ক্লাব ইউএসএ-র সভাপতি ও টাইমস স্কয়ার দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা দীনেশ চন্দ্র মজুমদার। ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী বসু বন্দ্যোপাধ্যায়-সহ আরও বিশিষ্ট অতিথি।
অনুষ্ঠানে মহিলা ঢাকিদের পরিবেশনা বিশেষ আকর্ষণ তৈরি করে। ঢাকের বোল, অতিথিদের উপস্থিতি এবং পুজোর আবহে কলকাতার অনুষ্ঠানেই ফুটে ওঠে নিউইয়র্কের আসন্ন দুর্গোৎসবের ছবি।
টাইমস স্কয়ার দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বেঙ্গলী ক্লাব ইউএসএ-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র মজুমদার। ২০২৬-এর আয়োজনটি এই পুজোর তৃতীয় সংস্করণ। সংগঠনের তরফে জানানো হয়েছে, ২০২৫-এর দ্বিতীয় সংস্করণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও একটি বিশেষ বার্তা এসেছিল।
এবার ১৭ ও ১৮ অক্টোবর নিউইয়র্ক সিটিতে বসবে এই দুর্গোৎসবের আসর। টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত জনপরিসরে পুজোর আয়োজনের পাশাপাশি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃহত্তর আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতাই বজায় থাকছে এবছরেও।
সেই আয়োজনে শর্মিষ্ঠা ও সুরথের পাশাপাশি নতুন দায়িত্বে যুক্ত হলেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকর্মী, বক্তা, লেখক ও বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। তাঁকে Global Cultural Convenor and Heritage Ambassador হিসেবে মনোনীত করা হয়েছে। নিজেদের নিজস্ব ক্ষেত্রে স্বতন্ত্র পরিচয় ও অবদান রাখা এই তিন বাঙালি—মডেলিং, শিল্প এবং সংস্কৃতি-ঐতিহ্যচর্চার তিন ভিন্ন পরিসর থেকে—এবার যুক্ত হলেন একই আন্তর্জাতিক মঞ্চে।

