নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ কলকাতা: ১০০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হওয়া রায়পুরের ব্যবসায়ী মহেন্দ্র গোয়েঙ্কাকে সোমবার, ২৮ জুলাই ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করবে কলকাতা পুলিশ। ১৮ জুলাই দিল্লি থেকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় এদিন তাঁকে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি তাঁর জামিনের আবেদন নিয়েও শুনানি হতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ নভেম্বর ২০২৪-এ হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া এফআইআরে মহেন্দ্র গোয়েঙ্কার পাশাপাশি তাঁর স্ত্রী, ভাইসহ মোট ৭ জনের নাম রয়েছে। তবে এখনও স্ত্রী ও ভাইসহ বাকি ৬ অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে কলকাতা পুলিশের বিশেষ দলের তল্লাশি অব্যাহত রয়েছে।
অভিযোগ, জাল নথি ও জাল স্বাক্ষরের মাধ্যমে ‘ইউরো প্রতীক ইস্পাত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’সহ একাধিক সংস্থার নিয়ন্ত্রণ দখলের চেষ্টা করে বিপুল অঙ্কের আর্থিক আত্মসাতের ছক কষা হয়েছিল।
এখন সকলের নজর ২৮ জুলাইয়ের আদালতের শুনানির দিকে। মহেন্দ্র গোয়েঙ্কার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানো হবে, নাকি তিনি জামিন পাবেন—তারই অপেক্ষায় তদন্তকারী সংস্থা ও সংশ্লিষ্ট মহল। অন্যদিকে, পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের তল্লাশি অভিযানও জোরকদমে চলছে।

