নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্গিল বিজয় দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে ২৬ শে জুলাই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল এডুকেশন ফোরাম, ন্যাশনাল এডুকেশন ফোরাম, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্স-এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (CAPF) এবং বেঙ্গল আনএইডেড স্কুল অর্গানাইজেশন। অনুষ্ঠানে কার্গিলের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টিচার্স অলিম্পিয়াড)-এ সফল শিক্ষক-শিক্ষিকাদের সমাবর্তন ও সম্মাননা প্রদান করা হয়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকা ও প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে টিচার্স অলিম্পিয়াডে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর প্রাপ্ত শিক্ষকদের হাতে মার্কশিট, শংসাপত্র এবং ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CAPF-এর চেয়ারম্যান তপন মহাপাত্র । এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপ ঘোষ, দেবাশিস দেব শর্মা, পলাশ গাঙ্গুলি, সতী দাস, মিতালি দাস, গ্লেনবার্নি এডুকেশনাল গ্রুপের সেক্রেটারি ড. গীতাঞ্জলি মুখার্জি, ন্যাশনাল এডুকেশন ফোরামের যুগ্ম সম্পাদক এবং পৃথা মুখার্জি-সহ বিশিষ্ট অতিথিরা।
বক্তারা বলেন, কার্গিল বিজয় দিবস শুধু বীর শহিদদের স্মরণের দিন নয়, দেশপ্রেম, কর্তব্যবোধ ও আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে শিক্ষকদের সম্মান জানিয়ে সমাজ গঠনে তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়াও এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শিক্ষার উৎকর্ষ, যোগ্য শিক্ষকদের সম্মাননা এবং জাতীয় চেতনা ও মূল্যবোধকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

